আইন ও বিচার

‘আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি’

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আসামিপক্ষ থেকে কোনো আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদেশ ঘোষণার পর লতিফ সিদ্দিকী কাঠগড়া থেকে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। হাতে মাইক নিয়ে কয়েকবার কথা বলার সুযোগ চান। বিচার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর তিনি বলেন, “আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কিন্তু আদালত শুনতে চাইল না।”

এ সময় হাজতখানায় নেওয়ার আগে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে তার সংক্ষিপ্ত বাকবিতণ্ডাও হয়। পরে তাকে আদালতকক্ষ থেকে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button