

অনলাইন নিউজ ডেস্ক
রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীতে সংঘটিত ছিনতাই ও অন্যান্য অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিসি মতিঝিল হারুন অর রশীদের পরিকল্পনায় এবং ডিএমপির মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মতিঝিলের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান চালানো হয়।
অভিযানে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল ও ব্যাটন স্টিকসহ মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪) নামে তিনজন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



