জাতীয়

নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১ জন কারাগারে, ৬ অপ্রাপ্তবয়স্ক পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর-১২ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় আটক ছয় অপ্রাপ্তবয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন— মো. সুজন হোসেন, মো. নাসিম, মো. আরিফুল ইসলাম, মো. বিলাল হোসেন, মো. ইব্রাহিম, মো. তারেক, সৈয়দ লিমন, মো. মনিরুজ্জামান শাওন, মো. নাছিম, রবিউল ইসলাম ও মো. আলমগীর ইসলাম।

মামলার নথি অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে কয়েকজন ব্যক্তি ব্যানার নিয়ে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় একটি ব্যানার, কয়েকটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন এবং তদন্ত কাজে বাধা সৃষ্টি করতে পারেন। পরে আদালত ১১ জন প্রাপ্তবয়স্ক আসামিকে কারাগারে পাঠানোর এবং ছয় অপ্রাপ্তবয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উভয় আদেশ মঞ্জুর করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button