সারাদেশ

২৩ দিনেও মিলেনি ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার খোঁজ, দ্রুত উদ্ধারের দাবি পরিবারের

অনলাইন নিউজ ডেস্ক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজ হওয়ার ২৩ দিন পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। দ্রুত তাঁকে জীবিত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবার।

শনিবার (১ আগস্ট) সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলিনের মামা আবুল কালাম আজাদ।

পরিবার জানায়, গত ৮ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে মো. আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি, মাঝারি গড়নের এবং ওজন প্রায় ৭০ কেজি।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, তাঁরা সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয় দেওয়া ধনঞ্জয় কুণ্ড (পিয়াস) বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির নম্বর ৪২৭।

পরিবারের দাবি, আরিফুল্লাহ জেলিনের কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধের জেরে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে তাঁদের সন্দেহ। এ কারণে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁর দ্রুত সন্ধান ও নিরাপদে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

পরিবার জানিয়েছে, মো. আরিফুল্লাহ জেলিনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button