জাতীয়

আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল করে গেছে। এর ফলে বর্তমান সরকারকে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যা মোকাবিলা করে এগোতে হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুনবাজারে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আপনারা জানেন, সরকারে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।”

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি। সেতু নির্মাণের দাবিতে স্থানীয়রা আন্দোলন করছেন এবং সরকারও বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, “আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছি। এখন ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

পার্থ জানান, ভোলায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

নিজ সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিজেপি চেয়ারম্যান বলেন, গত ছয় মাস সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও ওঠেনি। একই সময়ে তার এলাকায় মিথ্যা মামলা, হয়রানি কিংবা চাঁদাবাজির ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button