সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে: শফিকুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক

গণভোটের গণরায় বাস্তবায়ন করা না হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দেশের ও জনগণের স্বার্থে সংসদের ভেতরে-বাইরে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করবে জামায়াত। তবে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নেওয়া হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, বর্তমান জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। আলোচনায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টিও উঠে আসে।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হবে বলে মত দিয়েছেন জামায়াত আমির। এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

মতবিনিময়ে কয়েকজন গণমাধ্যমকর্মী পরামর্শ দেন, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো উচিত। তারা হয় রায় মেনে নেওয়ার কথা বলবেন, নয়তো তা প্রত্যাখ্যান করবেন—এমন পরিষ্কার অবস্থান থাকা প্রয়োজন বলে তারা মত দেন।

সভায় জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত ও জাতীয় ঐকমত্য তৈরিতে ইলেকট্রনিক গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

শফিকুর রহমান বলেন, সংবাদ পরিবেশন গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

গোলাম পরওয়ার জানান, বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড না থাকা, কাঠামোগত সংকট এবং নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক মিডিয়ায় সুযোগ-সুবিধার ঘাটতির বিষয়টিও তারা জানান।

এসব সমস্যা প্রক্রিয়াগতভাবে সংশ্লিষ্টদের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির। পাশাপাশি সমস্যা সমাধানে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, অতীতের তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা বেশি গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

জবাবে শফিকুর রহমান জানান, দেশের ও জনগণের স্বার্থে সরকারের সব ভালো কাজে সংসদের ভেতরে ও বাইরে সহযোগিতা করবে জামায়াত। তবে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নেওয়া হবে। রাজপথের আন্দোলনও অহিংস রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button