

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মী ও সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর।
আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ আহবান জানান তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, “দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উসকানিমূলক বক্তব্যের জবাব দেওয়া থেকে বিরত থাকুন। কাউকে অসম্মান করে কখনো নিজে সম্মানিত হওয়া যায় না। খারাপ মন্তব্য করতে কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু ভালো মন্তব্য করতে ও ভালো কিছু লিখতে সুশিক্ষার প্রয়োজন হয়।”
তাহসিনা রুশদীর আরও বলেন, “মানুষের কথা ও আচরণ তার শিক্ষা, রুচি ও বংশের পরিচয় প্রকাশ করে। ষড়যন্ত্র করে কেউ কখনো সফল হয় না। প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম। অন্যের খারাপ কথায় সময় নষ্ট না করে দলের বিষয়ে, বিএনপির আগামী দিনের করণীয় নিয়ে সচেতনতামূলক লেখা লিখুন, মানুষকে উদ্বুদ্ধ করুন।”
তিনি দলের সক্রিয় কর্মীদের উদ্দেশে বলেন, “ধানের শীষ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করুন। ইনশাল্লাহ, সফল হবো আমরাই। শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।”



