

ভারতের রাজস্থান প্রদেশে অবস্থিত আজমির শরিফে বোমা হামলার হুমকি সম্বলিত এক ই-মেইল পেয়েছে আজমির জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ই-মেইল পাওয়ার পর আজমির শরিফে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজমিরের পুলিশ কর্মকর্তা বন্দিতা রানা জানান, কালেক্টোরেটে আসা ইমেইলে আজমির শরিফ, কুদানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং কালেক্টোরেট—তিন স্থানেই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ-এর।
পুলিশ সূত্র জানায়, ই-মেইল পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক করা হয়েছে। কালেক্টোরেটে চত্বর পুরোপুরি তল্লাশি করা হয়েছে। দরগাহ এলাকা খালি করে এখন সেখানে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। হুমকিসূচক ই-মেইলে দাবি করা হয়, দরগাহে আরডিএক্স ও আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হবে। দরগাহের অন্তত চারটি স্থানে আরডিএক্স ও আইইডি পুঁতে রাখার কথাও বলা হয় ই-মেইলে।
হুমকির পর নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এরই মধ্যে আজমির পুলিশ দরগাহ এলাকা খালি করে ফেলেছে।
বোমা হামলার হুমকি সম্বলিত ই-মেইলে আরও বলা হয়, ‘আজমির কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র, কালেক্টরের অফিস এবং —এই তিন স্থানে চারটি আরডিএক্স ও আইইডি পুঁতে রাখা হয়েছে। পুতিন আসার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় সফরে ভারতে পা রাখবেন পুতিন। ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে এ সফর করছেন তিনি। এদিন রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রুশ প্রেসিডেন্ট। এরপর হায়দরাবাদ হাউসে সম্মেলনে যোগ দেবেন এবং ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজসভাতেও অতিথি থাকবেন তিনি।



