আন্তর্জাতিক

ভারতে রোগীর ভাঙা পায়ের বদলে সুস্থ পায়ে অস্ত্রোপচার!

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, বাঁ পায়ের হাড় ভাঙা এক বৃদ্ধা রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা ভুল করে সম্পূর্ণ সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার করেছেন।
গত ১৭ ডিসেম্বর ঘটনার সূত্রপাত। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার বাসিন্দা রেণু বিবি (৭৫) বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে যান।
এতে তার বাঁ দিকের হিপ জয়েন্টে গুরুতর আঘাত লাগে এবং বাঁ পায়ের হাড় ভেঙে যায়। তাকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর প্রাথমিক শারীরিক পরীক্ষা ও এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করতে হবে। পরে পরিবারের সম্মতি নিয়ে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
তবে অস্ত্রোপচার শেষে ঘটে চরম বিপত্তি। ওটি থেকে রোগীকে বের করার পর দেখা যায়, ভাঙা বাঁ পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রোগী নিজেই চিৎকার করে ভুলের কথা জানান।
অভিযোগ উঠেছে, নার্স ও ওটি সহকারীর উপস্থিতিতেই অর্থোপেডিক সার্জন সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন করেন।
ভুলটি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই রোগীকে পুনরায় অপারেশন টেবিলে নেওয়া হয় এবং ভাঙা বাঁ পায়ে জরুরি ভিত্তিতে ‘ট্রাকশন’ দেওয়ার ব্যবস্থা করা হয়।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের দাবি, রোগীর দুটি পা-ই ভাঙা ছিল। তবে পরিবারের সদস্যদের প্রশ্ন—যদি অস্ত্রোপচারের কথা বাঁ পায়ে হয়ে থাকে, তাহলে ডান পায়ে অস্ত্রোপচার করা হলো কেন?
রোগীর স্বজন সেলিম মালিক জানান, এক্স-রে রিপোর্ট ও শারীরিক পরীক্ষার পর এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খালি চোখেই বোঝা যায় কোন পায়ে সমস্যা। তাহলে এই ভুল কীভাবে হলো?
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানান, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ জমা না পড়লেও মৌখিক অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গাফিলতি বা দায়িত্বজ্ঞানহীনতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button