রাজনীতি

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা হেলাল

পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হেলাল উদ্দিন মুন্সী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগদানের ঘোষণা দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত সদস্য হেলাল উদ্দিন মুন্সীকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দলে যোগদান প্রসঙ্গে হেলাল উদ্দিন মুন্সী বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে এখন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চাই।

এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে উল্লেখযোগ্য ভোটের ব্যবধান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতা হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে যোগদানের ঘটনায় বাউফল উপজেলায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button