রাজনীতি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মহিউদ্দিন আহমেদ

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে: মহিউদ্দিন আহমেদ

আসন্ন সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, গজারিয়া উপজেলায় তার কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সোমবার (১৯ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে গজারিয়ায় পরিকল্পিতভাবে রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হামলা ও হুমকির ঘটনা বেড়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি হোসেন্দী ইউনিয়নের একটি ঘটনার উল্লেখ করে বলেন, যুবদল নেতা আলী হোসেনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান রতনের সমালোচনা করে মহিউদ্দিন আহমেদ বলেন, তিনি গজারিয়ায় শুধু বক্তব্য দেন, বাস্তবে কোনো কার্যকর ভূমিকা নেই। দলের সাবেক সভাপতি ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ভাই অসুস্থ থাকা অবস্থায় তার খোঁজ না নেওয়াকে রাজনৈতিক দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

গজারিয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, এলাকার মানুষ এখন আর কথার রাজনীতি চায় না—তারা কাজ দেখতে চায়। উন্নয়ন, নেতাকর্মীদের নিরাপত্তা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বস্ত করেন।

অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে থাকলেই গজারিয়ায় শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফরিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মোহন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর হোসেন এবং জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button