

টালিউডের একসময়ের বহুল আলোচিত ‘দেশু’—অর্থাৎ দেব-শুভশ্রী জুটির প্রেমকাহিনি কারও অজানা নয়। পর্দার রসায়ন যে বাস্তব জীবনেও গভীর সম্পর্কে রূপ নিয়েছিল, তা ছিল প্রকাশ্য সত্য। যদিও সময়ের ব্যবধানে সেই সমীকরণ বদলেছে। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং দুই সন্তানের মা। তবে দীর্ঘ এক দশক পর দেব ও শুভশ্রী আবার একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন—এমন সময়ই তাদের অতীত সম্পর্ক নিয়ে পরিণত ও চমকপ্রদ মন্তব্য করলেন রাজ চক্রবর্তী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক প্রসঙ্গে খোলামেলা কথা বলেন রাজ। কাকতালীয়ভাবে দেব-শুভশ্রী জুটির শুরুটা হয়েছিল রাজের পরিচালনাতেই, ফলে সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষীও তিনি। স্মৃতিচারণ করে রাজ বলেন, ‘আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে হয়তো ভালোই হতো।’ তবে সঙ্গে সঙ্গে তিনি বাস্তবতা মেনে নিয়ে যোগ করেন, ‘কিন্তু শুভশ্রী তো আসলে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম—এটাই ভাগ্য। আমরা খুব সুখী। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও নিশ্চয়ই খুব সুখী থাকবে। দেব খুব ভালো ছেলে।’
রাজের এই সংযত ও স্পোর্টিং মন্তব্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে এত স্বাভাবিকতা ও সম্মানের সঙ্গে গ্রহণ করাকে অনেকেই পরিণত ভালোবাসার উদাহরণ হিসেবে দেখছেন।
এদিকে দীর্ঘ বিরতির পর দেবের ৫১তম ছবিতে নায়িকা হিসেবে ফিরছেন শুভশ্রী। বাংলা সিনেমার স্বার্থে প্রাক্তন প্রেমিকের বিপরীতে কাজ করতে কোনো দ্বিধা রাখেননি তিনি। সম্প্রতি রবিবার দেব ও শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন।
লাইভে দেব বলেন, ‘দয়া করে এমন কোনো মন্তব্য করবেন না, যাতে আমাদের বর্তমান সঙ্গীদের অপমান করা হয়। দেশু-র উন্মাদনার মাধ্যমে আমরা বাংলা ছবির অবস্থান আরও শক্ত করতে চাই—সেটা মাথায় রেখেই মন্তব্য করুন।’ শুভশ্রীও একই সুরে বলেন, ‘আমরা চাই, আমাদের যতটা সম্মান করা হচ্ছে, তার থেকেও বেশি সম্মান আমাদের সঙ্গীদের—রাজ ও রুক্মিনীকে—দেওয়া হোক।’
সব মিলিয়ে অতীতকে সম্মান জানিয়ে পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন দেব, শুভশ্রী ও রাজ চক্রবর্তী।



