রাজনীতি

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনা পরিকল্পিত: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের পরিকল্পিত গুপ্ত হামলা চালানো হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর লুকিয়ে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতায় জড়াতে পারে।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; এ জন্য সরকারকে অবশ্যই দেশজুড়ে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তিনি হাসান মোল্লাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button