রাজনীতি

বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির

৩১ দফায় উন্নয়নের রূপরেখা দিয়েছে কেবল বিএনপি—হুমায়ুন কবির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের উন্নয়নের জন্য সুস্পষ্ট রূপরেখা হিসেবে ৩১ দফা কর্মপরিকল্পনা দিয়েছে একমাত্র বিএনপি।

তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে একটি পরিবার সুশৃঙ্খলভাবে জীবন পরিচালনা করতে পারে। এমন সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা বিএনপি ছাড়া আর কেউ দেয়নি—অন্যরা শুধু বিএনপির সমালোচনায় ব্যস্ত।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজার এলাকায় ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, “ভোট কোনো তামাশার বিষয় নয়। বিএনপি মানুষের সামনে উন্নয়নের পথ দেখানোর রাজনীতি করে। ধানের শীষ প্রতীক সিলেট বিভাগের উন্নয়নের প্রতীক।”

তিনি আরও বলেন, “একবার ধানের শীষে ভোট দিয়ে দেখুন, হাজী মুজিব কীভাবে শ্রীমঙ্গল-কমলগঞ্জের চেহারা বদলে দেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জন্য মানসম্মত বেতনের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।”

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পেলে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, বিএনপি নেতা ভিপি মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button