জাতীয়

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

অনলাইন নিউজ ডেস্ক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, সমাবেশস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরে মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান নাবিলা তাসনিদ।

ঘটনার পর সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদের হত্যা করার পরিকল্পনার অংশ হিসেবে এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, তাঁদের পদযাত্রা কর্মসূচি বন্ধ করার উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তাঁরা মনে করেন। তিনি সরকারের কাছে ঘটনার ব্যাখ্যা দাবি করে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে না পারার বিষয়ে জবাব দিতে হবে।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো এবং কীভাবে এ ঘটনা ঘটল।

নাহিদ ইসলাম দাবি করেন, বিস্ফোরণে তাঁদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হবে।

এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভয়ভীতি বা হামলায় তাঁদের কর্মসূচি বন্ধ হবে না। জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে দলটি কর্মসূচি চালিয়ে যাবে।

তবে নাহিদ ইসলামের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ ও ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button