রাজনীতিসারাদেশ

প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য দিলেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন। দীর্ঘদিন ধরেই বিএনপি নেতাকর্মীদের আলোচনায় থাকা জাইমার এই উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সেখানে তাকে দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে, কাজের অগ্রগতি তুলে ধরতে এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়। দলীয় নেতারা মনে করছেন—এটাই তার রাজনৈতিক ভূমিকার আনুষ্ঠানিক সূচনা।

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তারা জাইমার অংশগ্রহণকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখছেন।

যদিও রাজনৈতিক মঞ্চে তার উপস্থিতি নতুন, তবে জাইমা ছোটবেলা থেকেই বিএনপির শীর্ষ পরিবেশে ঘনিষ্ঠ ছিলেন। দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে নিয়মিতই দেখা যেত রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ ও কূটনৈতিক কার্যক্রমে। ফলে দলের রাজনীতির সঙ্গে তার মানসিক সংযোগ অনেক পুরনো।

দলের শীর্ষ নেতাদের মতে, ব্যারিস্টার জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির কূটনৈতিক যোগাযোগ, বিদেশে সংগঠন শক্তিশালী করা এবং প্রবাসী ভোটারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা নিতে পারেন।

লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করা জাইমা রহমান এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ব্যারিস্টারি শেষ করার পর থেকেই বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাকে ঘিরে প্রত্যাশা বাড়তে থাকে—তিনি কি দলের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে ভূমিকা নেবেন?

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button