

রমজান মাসেই ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে এবং এটি কীভাবে কার্যকর করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। “ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এ বিষয়ে আজ সিদ্ধান্ত হয়েছে,” বলেন তিনি।
কারা পাবেন ফ্যামিলি কার্ড?
মন্ত্রী জানান, কর্মসূচিটি মূলত সার্বজনীনভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এ সুবিধার আওতায় আনার প্রক্রিয়া নির্ধারণ করবে।
কবে শুরু?
তিনি বলেন, প্রধানমন্ত্রী চান অন্তত ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হোক। সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিপিবির মন্তব্য প্রসঙ্গে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটি তো চালু হবেই, কোনো সমস্যা নেই। আমরা কেবল কার্যক্রম কীভাবে শুরু করা যায়, সে মেকানিজম নিয়ে কাজ করছি।”



