

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের বর্তমান রাজনীতির অন্যতম প্রধান সংকট হলো গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন না হওয়া। তিনি দাবি করেন, এ রায় বাস্তবায়িত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতের দিকে যেতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সব গণহত্যার বিচার দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্পিকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, স্পিকার এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার স্মারকলিপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তারা আশা করছেন। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সংসদ পরিচালনা করা হলে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং বিচার দাবির বিষয়েও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার ভাষায়, আন্দোলনের চেয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধানই তাদের প্রত্যাশা।
মানববন্ধনে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। এর আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।



