

অনলাইন নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতের আমির নিজেই স্পষ্ট করে বলেছেন—ক্ষমতায় গেলে তারা ইসলাম অনুযায়ী নয়, বরং প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। তিনি বলেন, “এই প্রচলিত আইনের মাধ্যমেই দেশ গত ৫৩–৫৪ বছর পরিচালিত হয়েছে। নতুন করে আবার একই নীতি ও আদর্শে দেশ চালালে মানুষ কখনোই শান্তি পাবে না।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, “অনেকে বড় আলেম হতে পারেন, মেধাবী ও যোগ্য হতে পারেন। কিন্তু আসল প্রশ্ন হলো—তার আদর্শ কী এবং তিনি বাস্তবে কী চান।” তিনি আরও বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতারা প্রকাশ্যেই বলছেন যে তারা ইসলামি শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন না। “অনেকে বলতে পারেন, আমাদের প্রার্থী আলেম নন। আমরা আলেমদের সম্মান করি, তাদের ইজ্জত দিই। কিন্তু ভুল নীতি ও আদর্শের বিষয়ে কোনো আপস হতে পারে না,” যোগ করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু।
এ সময় চরমোনাই পীর প্রার্থীর হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন এবং শান্তির প্রতীক হিসেবে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য দেন জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মেজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান ও আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতারা।



