

অনলাইন নিউজ ডেস্ক
বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির বলেছেন, দেশের শিল্পকারখানায় জ্বালানি সংকট নিরসন সহজ কাজ নয়। তবে এ সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনের সক্ষমতা সীমিত হওয়ায় এই মুহূর্তে অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব নয়।
সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে কারখানায় অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো প্রদর্শন করা হয়।
মন্ত্রী বলেন, গ্যাস সঞ্চালন লাইনের সীমিত সক্ষমতার কারণে শুধু আমদানির মাধ্যমে সংকটের সমাধান সম্ভব নয়। এ কারণে সরকার দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশকে জাহাজ ভাঙা শিল্পে আবারও শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে পিএইচপি কর্তৃপক্ষ অভিযোগ করে জানায়, আন্তর্জাতিক মান ও পরিবেশগত সব নিয়ম মেনে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিচালনা করা হলেও গত দুই বছর ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ইয়ার্ডকে ‘রেড ক্যাটাগরি’তে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।



