

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত বিতর্কিত পোস্টের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট পোস্টের প্রতিবাদ জানান। সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিতর্কিত মন্তব্যের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, অ্যাকাউন্ট হ্যাকের দাবি গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। তিনি আরও দাবি করেন, এ ধরনের বক্তব্য নারীসমাজের প্রতি অসম্মানজনক।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং ছাত্রীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং ওই পোস্ট তার নয়। পরবর্তীতে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।



