

বলিউড অঙ্গনে আবারও নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির মুম্বাইয়ের বাসার সামনে গুলিবর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার গভীর রাতে পরিচালকের বাড়ির বাইরে টানা চার রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, হঠাৎ গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ এবং পুরো এলাকা ঘিরে ফেলে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে। আলামত সংগ্রহে ফরেনসিক টিম কাজ শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
মুম্বাই পুলিশ কমিশনার ভারতীয় গণমাধ্যমকে বলেন, রোহিত শেঠির বাসার সামনে গুলির ঘটনা ঘটেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে সব ধরনের অনুসন্ধান চলছে।
এর আগে ২০২৪ সালে মুম্বাইয়ে অভিনেতা সালমান খানের বাসার সামনেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় হামলার দায় একটি কুখ্যাত গ্যাংয়ের পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল। রোহিত শেঠির বাড়ির সাম্প্রতিক ঘটনাটি একই ধরনের কোনো ধারাবাহিকতার অংশ কি না, নাকি ভিন্ন কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।



