

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল খেলবে কি না—এ বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে এবং অংশগ্রহণ না করলে বিকল্প পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকেই মূল সিদ্ধান্ত আসতে পারে—পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে কি না।
সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে দ্রুতই বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের জার্সি উন্মোচন করা হবে। আর সিদ্ধান্ত নেতিবাচক হলে কার্যকর করা হবে পিসিবির ‘প্ল্যান বি’।
বিকল্প পরিকল্পনায় পাকিস্তান জাতীয় দল, পাকিস্তান শাহিনস ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে চারটি স্কোয়াড গঠন করা হবে। এরপর লাহোরে চার দলকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হবে, যাতে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি বজায় থাকে।



