

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দখল হওয়া জমি বিএনপি সরকার ফিরিয়ে দেবে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকেশ্বরী মন্দিরের জমি দখলের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার দখল হওয়া জমি ফেরত দেবে। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য করবে না সরকার।’
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করলে দেশ থেকে অশুভ শক্তির বিদায় হবে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, স্বামীবাগ ইসকনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ এবং বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ-উর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, সহসভাপতি বরকত উল্লাহ বুলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



