

অনলাইন নিউজ ডেস্ক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমিয়ে পণ্যের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করা, প্রয়োজনীয় শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে।
তিনি জানান, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। এ জন্য উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা—সব পর্যায়ে পণ্যের মজুত ও দামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত দেখা দিলে তা দ্রুত দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।



