
নগর সমাচার ২৪ ডেস্ক:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ বাজারে মূল্যচাপ কমানোর পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাধারণ মানুষের জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এর ফলে বাজারে পণ্যের মূল্যচাপ কমানোর পাশাপাশি সার্বিকভাবে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে টিসিবি।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, প্রয়োজনীয় শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
তিনি জানান, ভোজ্যতেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা—প্রতিটি পর্যায়ে পণ্যের মজুত ও দামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।
সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ এবং ভোক্তাদের জন্য সহনীয় বাজার পরিস্থিতি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে সংসদে জানান বাণিজ্যমন্ত্রী।