জাতীয়

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব

অনলাইন নিউজ ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ আয় বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের অর্থবছরে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে এসেছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। তবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে। ফলে দেশটি শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে নেমে গেছে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button