জাতীয়

মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক

মাদকের ভয়াবহ বিস্তার রোধে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ জুলাই) লালমনিরহাট শহরের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ শীর্ষক নবজাগরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মাদকের আগ্রাসনে সমাজ ও তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত ১৫-১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই জীবন দিয়েছেন, তবুও আন্দোলন থেকে সরে দাঁড়াননি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলন সফল হয়েছে। এখন পরিকল্পিতভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।

তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি জানান, জেলার প্রতিটি এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হবে। প্রথমে তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এরপরও যারা সংশোধিত হবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি মুহা. রাশেদুল হক প্রধান। এতে জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির প্রায় ৩ হাজার ১০০ স্বেচ্ছাসেবী অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের শপথ পাঠ করানো হয়। পরে এম টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button