

অনলাইন নিউজ ডেস্ক
আমরা এই সরকারকে আন্দোলন করে আগামীকালই পতন করতে চাই না। সরকার উৎখাতের কোনো আন্দোলনও আমরা করছি না’—বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
লংমার্চের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, একটি পথসভা চলাকালে অগ্রবর্তী একটি দল পরবর্তী নির্ধারিত স্থানে চলে যাবে। সেখানে তারা বক্তব্য দেওয়ার পর আবার পরবর্তী স্পটে যাবে। পরে মূল শীর্ষ নেতারা ওই স্থানে গিয়ে তাদের সঙ্গে যোগ দেবেন। এর মাধ্যমে সময় সাশ্রয় করা হবে।
তিনি জানান, চিটাগাং রোডের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে প্রথম পথসভা হবে। এরপর পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লার নুরজাহান হোটেলের সামনে, চৌদ্দগ্রাম, মহিপাল ও মিরসরাইয়ে পথসভা করার পরিকল্পনা রয়েছে। এরপর গাড়িবহর চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা করবে।
গোলাম পরওয়ার বলেন, যানজট কিংবা গাড়ির কারিগরি সমস্যার মতো স্বাভাবিক কিছু ব্যতিক্রম ছাড়া সন্ধ্যা ৭টার দিকে লালদীঘিতে পৌঁছানোর আশা করছেন তারা।
লংমার্চে অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক অংশগ্রহণকারীকে ডেলিগেট কার্ড দেওয়া হবে। প্রতিটি গাড়ির সামনে ও পেছনে স্টিকার ও নম্বর থাকবে। শীর্ষ নেতাদের নিরাপত্তা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক, আইটি ও মেডিকেল বিভাগের গাড়িগুলো নির্দিষ্ট ক্রমে বহরে রাখা হবে।



