জাতীয়নির্বাচন

আজ যেকোনো সময় হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জানাতে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে ইসি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। এখন তফসিল ঘোষণা সময়ের ব্যাপার মাত্র।” তিনি জানান, তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। সাক্ষাৎ ও ভাষণ রেকর্ডের পর সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও জানিয়েছেন।

ব্যালটে থাকছে না নৌকা প্রতীক

জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে এবারের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকছে না। ইসির ব্যাখ্যা—যে দলের নিবন্ধন বাতিল বা স্থগিত থাকে, তারা নিজ প্রতীকে ভোটে অংশ নিতে পারে না।

প্রবাসীদের জন্য নতুন ভোট সুবিধা

প্রথমবারের মতো প্রবাসীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। একই সুবিধা পাচ্ছেন দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কারাবন্দিরাও। এছাড়া জোট করলেও এক দলের প্রার্থী অন্য দলের প্রতীকে ভোটে অংশ নিতে পারবে না—এমন নিয়মও এবার প্রথম প্রবর্তন করেছে ইসি।

ভোটার সংখ্যা ও কেন্দ্র

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ৪২,৭৬১টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। ভোটগ্রহণ হবে সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত।

অর্ধশতাধিক দল নির্বাচনে

নিবন্ধিত ৫৬টি রাজনৈতিক দলের মধ্যে অর্ধশতাধিক দল এবার নির্বাচনে অংশ নিতে পারবে। বিএনপি, জামায়াত, এনসিপি–সব দলই প্রার্থী দেবে। তবে জাতীয় পার্টির অবস্থান এখনো স্পষ্ট নয়।

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী সরাতে হবে বলে ইসি জানিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তফসিল ঘোষণার পরপরই মাঠে নামবেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button