

অনলাইন নিউজ ডেস্ক
সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা সমাবেশস্থল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। তখন মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ বিষয়ে তদন্ত শুরু করেন।



