রাজনীতি

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আব্দুন নুর

মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। এর ফলে ট্রাক প্রতীকের নেতাকর্মীরা এখন ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুন নুর তালুকদার বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বৃহত্তর ঐক্য প্রয়োজন। সে বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থী আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তার পক্ষে কাজ করবেন।

তিনি আরও জানান, এখন থেকে গণঅধিকার পরিষদের সব পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু গণঅধিকার পরিষদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দুই দলের সমন্বয় মৌলভীবাজারের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মুফতি বেলাল আহমেদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন এবং গণফ্রন্টের মো. শরীফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button