খেলাধুলা

মন গলেছে পাকিস্তানের!

ভারতে খেলতে অনাগ্রহ দেখানোয় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শ্রীলঙ্কায় নির্ধারিত সেই ম্যাচ বাতিল হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এতে পিসিবি আবারও বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে।

পাকিস্তান দল তাদের সব ম্যাচ কলম্বো ও পাল্লেকেলেতে খেলছে। শনিবার উদ্বোধনী ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে। পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ভারতের সঙ্গে। পাকিস্তান না খেললেও সূচি অনুযায়ী ম্যাচসংক্রান্ত আনুষ্ঠানিকতা শ্রীলঙ্কাতেই সম্পন্ন করতে হবে ভারতের।

ভারতের দ্য হিন্দু এক সূত্রের বরাতে জানিয়েছে, সরকার ও ক্রিকেট—উভয় পর্যায়ে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই তাদের বোর্ডের অনুরোধ উপেক্ষা করা কঠিন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা সরাসরি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করে ম্যাচটি না হলে সম্ভাব্য আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন। ম্যাচটি বাতিল হলে টিকিট বিক্রি, গেটমানি ও হসপিটালিটি খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব হারাবে এসএলসি।

সূত্রটি জানায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শ্রীলঙ্কা বোর্ডকে আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবেন। শ্রীলঙ্কার অনুরোধ ইতোমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে—এমন খবর সঠিক নয় বলেও উল্লেখ করা হয়। নাকভি দেশের বাইরে ছিলেন, আজ ফেরার পর তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল পাঠাবেন। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button