

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুলাউড়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন সংসদ সদস্য, তবে নিজেও ছায়া এমপি হিসেবে পাশে থাকবেন। এতে এলাকার মানুষ কার্যত দুইজন এমপির সহযোগিতা পাবেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ-বিদেশ থেকে তাকে কুলাউড়া আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করা হলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একাধিক আসনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এ জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ব এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত হয়নি। সুযোগ পেলে সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনা এবং প্রয়োজনে তার পরিবারের দায়িত্ব সরকার নেবে—এমন ব্যবস্থা করা হবে।
সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান হবে—এমন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াত আমির।
সভা শেষে তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার-2 (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।



