দূর্ঘটনা

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ১

অনলাইন নিউজ ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উল্টো পথে চলা একটি অটোরিকশাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা মহাসড়কে নিয়ম ভঙ্গ করে উল্টো পথে চলছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস রতনপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দিনমজুর ছিলেন এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button