

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজেদের প্রার্থী না থাকার কারণে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ইসলামী আন্দোলন কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দলের বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান।
তারা জানান, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমকে সমর্থন দিয়েছেন। এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন।
বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের কর্মীরা সারজিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। মঈন উদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, “আমাদের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।”
ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।”



