রাজনীতি

বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত : তারেক রহমানের উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় জামায়াতে ইসলামীর আচরণ অস্বাভাবিক ও অস্থির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তার ভাষায়, অতিরিক্ত অধৈর্য হয়ে গেলে জামায়াতের অবস্থা “বইসা যাওয়ার” মতো হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইসিবি চত্বরে তারেক রহমানের পক্ষে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জামায়াতের নেতারা এখন আর ধৈর্য ধরে থাকতে পারছেন না। সামনে দিনগুলোতে তাদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই তারা অস্থির আচরণ করছেন। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত তাড়াহুড়া করলে তাদেরকেই শেষ পর্যন্ত বসে যেতে হবে।

জামায়াতকে ‘পরীক্ষিত বেঈমান’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, পাকিস্তান প্রতিষ্ঠার সময় তারা পাকিস্তানের বিপক্ষে ছিল, আবার বাংলাদেশের স্বাধীনতার সময়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, দলটি দেশের নারী ভোটারদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। নারীর মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে বিএনপির বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াত বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু এখনো সে সক্ষমতা অর্জন করতে পারেনি। ভোটারদের উদ্দেশে তিনি ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

আবদুস সালাম আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে গঠিত সরকার দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারই দেশকে এগিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তাবিদ আউয়ালসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button