

অনলাইন নিউজ ডেস্ক
মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির বিরোধিতাকে কেন্দ্র করে বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হলেও বিরোধী দল এর সমালোচনা করছে, যা তাদের প্রকৃত অবস্থান সম্পর্কে প্রশ্নের জন্ম দেয়।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রায় পাঁচ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খনন করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার খালটি পুনঃখননের কাজ হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন, ১২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বাড়বে এবং প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।
কৃষিখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাজেটে কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, অতীতে বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার নজির থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। সরকারের কর-সুবিধার কারণে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেট এবং ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধির মতো পদক্ষেপ নিয়েও তারা আপত্তি তুলছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অতীতে যারা উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


