

নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহত্তর স্বার্থ এবং আসনের উন্নয়নের স্বার্থে বিএনপি বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া দেশের ও জাতির কল্যাণে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তার লক্ষ্য।
গাজী আব্দুর রহীম বলেন, “নেত্রকোনা-২ আসনের উন্নয়নের জন্য বিএনপির ভূমিকা কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামী দল তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। অতীতেও জামায়াতে ইসলামী শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।
এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।



