

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেবে নতুন নির্বাচিত সরকার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের।
নির্বাচিত সরকারের আগমনকে সামনে রেখে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন ড. ইউনূস। বক্তব্য শেষে তিনি কার্যালয়ের কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনার পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারাই দেশের দায়িত্ব গ্রহণ করবে। শপথগ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। নতুন সরকার দায়িত্ব নিলে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।



