

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, জাতি দীর্ঘদিন ধরে এই ভোটের অপেক্ষায় ছিল, বিশেষ করে তরুণ সমাজ। নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এই ভোটের মাধ্যমে এমন একটি সরকার গঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে।
ডা. শফিকুর রহমান জানান, ভোট দেওয়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন এবং পরবর্তীতে অন্যান্য কেন্দ্রও পরিদর্শন করবেন। এ সময় দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ছোটখাটো বিষয় এড়িয়ে যাওয়া সম্ভব হলেও বড় কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। মানুষের ভোটাধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
গণতন্ত্রের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সবাইকে তা মেনে নিতে হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
ভোটের আগে-পরে দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ অপরাধ করলে তা স্বীকার করতে হবে। তবে অপরাধ না থাকলে জোর করে অভিযোগ তৈরি করাও বড় ধরনের অন্যায় বলে মন্তব্য করেন তিনি।



