রাজনীতি

মা–বোনদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়—মানুষের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেন। তিনি নিজেকে জনগণের সন্তান উল্লেখ করে বলেন, মানুষের পাশে থেকেই কাজ করতে চান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কড়াইল এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় মা-বোনদের শিক্ষা বিস্তারে বিনামূল্যে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহুভাবে উপকৃত হয়েছে।

কড়াইলবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান—কিন্তু এর চেয়েও বড় পরিচয় হলো, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।” তিনি সবাইকে আল্লাহর দরবারে হাত তুলে দেশের কল্যাণ কামনার আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিতে চান তিনি। কৃষকদের জন্যও একই ধরনের ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান। জনগণ সুযোগ দিলে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমান বলেন, করাইলের শিশুরা যেন বিদেশি ভাষা শেখার সুযোগ পায় এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়—সে লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

এলাকার আবাসন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই যেন থাকার সুযোগ পায়, সেজন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

নিজের অতীত স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, তিনি একসময় ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন এবং যেভাবে সেই বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা তিনি ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি গভীরভাবে অনুভব করেন।

বক্তব্যের শেষদিকে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button