জাতীয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

অনলাইন নিউজ ডেস্ক

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এতদিন পর এসে রাষ্ট্রপতির কেন মনে হলো পদত্যাগ করতে হবে? এই সরকার এতদিন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। আমরা রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেপ্তার দেখতে চাই।”

তিনি অভিযোগ করেন, গত বছরের জুলাই আন্দোলনের স্মরণে জামালপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, জনগণ গণভোটের পক্ষে মত দিলেও এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। সরকারের এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাস্তবে সে প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান নয়।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সরকার জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিলে রাষ্ট্র পরিচালনায় সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “সরকার যদি মনে করে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে মনে রাখা উচিত, যেভাবে জুলাই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজন হলে বাংলাদেশের ছাত্ররাই আবার এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীম। এতে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button