

অনলাইন নিউজ ডেস্ক
সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার বিষয়টি বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জামায়াত জানায়, ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।



