

অনলাইন নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে চাইলে স্বাস্থ্যগত, ব্যক্তিগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজারের উন্নয়নসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে যেসব গুঞ্জন প্রকাশিত হয়েছে, সেগুলো তিনি সাংবাদিকদের মতোই দেখেছেন ও শুনেছেন।
তিনি জানান, রাষ্ট্রপতি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা নেওয়া স্বাভাবিক। তবে রাষ্ট্রপতির কথিত ফোনালাপ বা এ-সংক্রান্ত আলোচিত বিষয় সম্পর্কে তাঁর কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সরকারকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সরকারকে জানানোর বিষয় নয়। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চান, সে সুযোগ সংবিধানে রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এর বাইরে এ বিষয়ে তাঁর আর কিছু জানা নেই।



