জাতীয়

নারী শিক্ষানবিশ আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে আহতের ঘটনায় বিচারক প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক

গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এর আগে সকালে বিচারকের প্রত্যাহার ও শাস্তির দাবিতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সমাবেশ করেন।

ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ। আদালতের কার্যক্রম চলাকালে পেছনের বেঞ্চে বসা আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথাবার্তা নিয়ে বিচারক একাধিকবার সতর্ক করেন। অভিযোগ অনুযায়ী, এরপরও কথা বলা বন্ধ না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে তাদের দিকে কাচের একটি পেপারওয়েট ছুড়ে মারেন।

এ সময় পেপারওয়েটটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তার কপাল ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সাবিহা সুলতানা জ্যেষ্ঠ আইনজীবী এম এম জুলকদর রহমানের অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button