

অনলাইন নিউজ ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা পুরো অঞ্চলজুড়ে অনুভূত হয়, যা ভেনেজুয়েলার ইতিহাসে গত ১০০ বছরেরও বেশি সময়ের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজধানী কারাকাসের বাসিন্দা ও ভূমিকম্প থেকে বেঁচে ফেরা মারিয়া আলেজান্দ্রা জানান, ভূমিকম্পের সময় ভবনের ভেতরে থাকা অবস্থায় তিনি দেয়াল ফেটে যেতে দেখেন। তিনি বলেন, দ্রুত নিচে নামার পর চারপাশ ধুলোবালিতে অন্ধকার হয়ে যায়। তাঁর ভাষায়, পুরো পরিস্থিতি ছিল “কোনো হরর সিনেমার মতো” এবং ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বের হতে হয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। বহু ভবন ধসে পড়ায় অঞ্চলটিকে ‘দুর্যোগ এলাকা’ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ধুলোবালি মাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



