জাতীয়

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অপরাধে জড়িত এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।

রোববার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। তারাকান্দা-ধোবাউড়া সড়কের পশুহাসপাতালের সামনে বিকেল ৫টায় শুরু হওয়া পথসভা চলে সাড়ে ৬টা পর্যন্ত। পরে দলের নেতারা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে ভালুকার উদ্দেশে রওনা হন।

বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, হত্যা এবং ‘জঙ্গি’ তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ভারত ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বর্তমানে আবারও আলেম সমাজকে উগ্রবাদ ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। কোনো রাজনৈতিক দল এ ধরনের ‘ট্যাগিং’ করলে জনগণকে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কক্সবাজারে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে সারজিস আলম দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন, পুলিশ ও বিএনপির সহযোগিতা ছাড়া এ ধরনের কর্মসূচি সম্ভব নয়। তাঁর অভিযোগ, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক অবস্থানকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, নির্দোষ ব্যক্তিদের বিষয় আলাদা হলেও অপরাধে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে তার রাজনৈতিক পরিণতি গুরুতর হবে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, মুখে নিরপেক্ষতার কথা বলা হলেও বাস্তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। আওয়ামী লীগের মতো রাষ্ট্র পরিচালনা করলে একই ধরনের পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া গণভোট নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণের রায়কে অবমূল্যায়ন করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

বিচার ও সংস্কারে আপস নয়: নাসীরুদ্দীন

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তাঁর ভাষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার জরুরি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারি ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না বলেও জানান তিনি। জনগণের দাবির পরিপন্থী কোনো সিদ্ধান্ত এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এক বিএনপি কর্মীকে চোখ উপড়ে ফেলার হুমকির প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক সহিংসতার সমালোচনা করেন। তিনি বলেন, অতীতে বহু মানুষ এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন, তাই এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত নন—এমন ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। পাশাপাশি তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী শহিদুল ইসলামের পক্ষে ভোট চান। তিনি বলেন, নির্বাচিত হওয়ার আগে বা পরে ওই প্রার্থী কোনো অনিয়মে জড়ালে দল তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।

ময়মনসিংহ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর সদস্যসচিব ইকরাম এলাহী খান, জাতীয় যুবশক্তির ময়মনসিংহের আহ্বায়ক ফয়সাল ফারনিম এবং জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button