জাতীয়

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি: আখতার হোসেন

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি সরকার ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি দাবি করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি দলীয় পরিচয়ের ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে।

রোববার (২৬ জুলাই) ঝিনাইদহে এনসিপি জেলা শাখার আয়োজনে ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু বর্তমান সরকার জনগণের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পদধারী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, যা নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা। এই নিয়োগ বাতিলের দাবি জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না। অতীতে জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

সরোয়ার তুষার তার বক্তব্যে শেখ হাসিনার সমালোচনা করে বলেন, জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ তুলে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দলটি ব্যর্থ হয়েছে।

ডা. মাহমুদা মিতু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে পারছে না। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বৃদ্ধির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন।

সমাবেশে জুলাই আন্দোলনে নিহত ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের পরিবারের সদস্যসহ এনসিপির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও শহীদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে শেষ হয়। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে নিহত ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button