

ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন ছাড়াই শুরু হয়েছে বিপিএল। অবশ্য জানা গেছে কারণ, বিপিএলের ট্রফি তো এখনো দেশে আসেনি। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
তবে বিসিবির দাবি, শীঘ্রই দেখা যাবে বিপিএলের নতুন ট্রফি। দুবাইয়ের একটি প্রতিষ্ঠান তৈরী করছে ফ্র্যাঞ্চাইজি এ লিগের ট্রফি। তাতে বেশ খরচই হচ্ছে বিসিবির। ২৫ হাজার ডলার দাম নতুন ট্রফির, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ টাকা।
ট্রফি প্রসঙ্গে আজ সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল—কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।’
বিপিএলের মাঝ পথে আসতে পারে ট্রফি। এমনটাই জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। গুঞ্জন আছে, তখন হতে পারে অধিনায়কদের ফটোসেশনও।
এদিকে নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকায় হয়নি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সিলেটে প্রথম ম্যাচ শেষে ছোট পরিসরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।



